দা ডেস্ক রিপোর্টঃ-
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। বিশ্বের নানা প্রান্ত থেকে নানা ভাষাভাষী মুসলিমদের মুখে একই ধ্বনি। তাঁদের চোখ অশ্রুসিক্ত, হৃদয় বিগলিত। তাঁদের সুমধুর এই কণ্ঠস্বরে আছে গভীর আনুগত্য, আছে পাপমুক্তির আর্তি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাঁরা সমবেত হয়েছিলেন আরাফাতের প্রান্তরে।
বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হজের তিন ফরজের অন্যতম একটি হচ্ছে হাজিদের আরাফাতের ময়দানে অবস্থান। তাই তো সাদা ইহরামে মোড়ানো পুরুষ এবং যথাযথ নিয়ম মেনে পোশাক গায়ে নারী হাজিরা মিনায় একটি রাত কাটিয়ে গতকাল সকালে ট্রেনে বা বাসে চড়ে অথবা হেঁটে আরাফাতের প্রান্তরে সমবেত হয়েছেন।
আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে গিয়ে কেউ পাহাড়ঘেঁষা স্থানে, কেউ মসজিদে নামিরার পাশে বা জাবালে রহমতের নিচে অবস্থান নেন। এই একটি দিনে সবার একটাই চাওয়া—আল্লাহর নৈকট্য লাভ।


















