- টেকনাফের সাবরাং আলীর ডেইলের ইয়াবা কারবারি সৈয়দ আমিন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে
বিশেষ প্রতিনিধি/
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় ইয়াবা কারবারকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সৈয়দ আমিম (পিতা: ওমর মিয়া) নামে এক ব্যক্তি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে মাদক বাণিজ্যে জড়িত বলে এলাকায় ব্যাপকভাবে আলোচনা চলছে ও পুরোদমে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের ঝুঁকিতে রয়েছে সাবরাংয়ের বিভিন্ন অঞ্চল। অভিযোগ রয়েছে, সৈয়দ আমিনের সিন্ডিকেট মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।
এলাকাবাসীর দাবি, মাদক কারবারের কারণে যুবসমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে এবং সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে উক্ত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো সুনির্দিষ্ট তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।
সচেতন মহল মনে করছে, মাদক নির্মূলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা যুক্ত করা হবে।

















