-
টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকার ইয়াবা নিয়ে ২ কারবারি আটক
মোঃ আজিজ উল্লাহ, টেকনাফ : টেকনাফ প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ ইং সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল ১ এপ্রিল ২০২৬ ইং বুধবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১ টি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বস্তা তল্লাশি করে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কতৃপক্ষ।


















